|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনা: দুই ভারতীয় নাগরিক আটক


শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনা: দুই ভারতীয় নাগরিক আটক


ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-


 

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
 

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিজিবি তাদের আটক করে এবং রাতেই পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও সেলিনা বেগম (৪৫)।
 

বিজিবির অভিযানে তাদের কাছ থেকে ৫২টি থ্রিপিস, ১,৭০০ পিস ক্রিম, এবং পাঁচটি মদের বোতলসহ আনুমানিক সাড়ে আট লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।
 

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
 

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, বিজিবির অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬