|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০৩:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০১:১১ অপরাহ্ণ

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বাজারে বড় দরপতন


ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বাজারে বড় দরপতন


দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর ফলে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।

 

আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

 

এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, যার ওপর ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

 

এতদিন দেশে ভ্যাট বাদে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হলেও এবারই প্রথম ভ্যাটসহ চূড়ান্ত দাম নির্ধারণ করে দেওয়া হলো। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী সনাতন নিয়মেই মজুরি যোগ হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না। রৌপ্যালংকারের ভ্যাটের বিষয়েও খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

 

এর আগে গত ১৩ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা (ভ্যাট ছাড়া)।

 

সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৬ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৩৭ বার কমেছে। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬