|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ

তুরাগ তীরে মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা


তুরাগ তীরে মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা


গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো মাওলানা সাদ কান্দলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের ৫৮তম বিশ্ব ইজতেমা।
 

আজ রবিবার, দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে। মোনাজাতটি আরবি ও উর্দু ভাষায় অনুষ্ঠিত হয়।
 

রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের বয়ান শুরু করেন, যার বাংলা তর্জমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরই শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে, ইউসুফ বিন সাদ।
 

এ সময় ধনী-গরীব নির্বিশেষে সকল শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষ আল্লাহর কাছে দুহাত তুলে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। বিশাল জনসমুদ্র থেকে আকাশ কাঁপিয়ে ধ্বনিত হয় ‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’। আখেরি মোনাজাতের সময় মুঠোফোন, বেতার, ওয়্যারলেস সেট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ফলে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন।
 

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গী এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
 

এছাড়া, এই পর্বে ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। তাবলিগের রেওয়াজ অনুযায়ী, বর-কনের সম্মতিতে এবং উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। মোহরানা হিসেবে মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ ধার্য করা হয়। বিয়ের পর নবদম্পতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও খুরমা খেজুর এবং মিষ্টি বিতরণ করা হয়।
 

এর আগে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ বিদেশি মেহমান ৫০টিরও বেশি রাষ্ট্র থেকে ইজতেমায় অংশ নেন। এদের মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড, তিউনিশিয়া উল্লেখযোগ্য।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬