|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ

বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক


বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক


ঢাকা প্রেস নিউজ

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে রাকিব জমাদ্দার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার।

 

দুর্ঘটনায় সুব্রত হালদার (২০) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। মাত্র তিন দিন আগে, ১৮ জানুয়ারি, তিনি বিয়ে করেছিলেন। আহত সুব্রত হালদার ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

 

ইউপি সদস্য মনির হাওলাদার জানান, রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব জমাদ্দারের মৃত্যু হয়। খবর পেয়ে তিনি পুলিশে জানান। তবে পরিবারের সদস্যরা পুলিশ আসার আগেই মরদেহ বাড়িতে নিয়ে যান।

 

ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে নিহতের মরদেহ পরিবার বাড়িতে নিয়ে যায়। নিহতের বাড়ি মঠবাড়িয়া থানা এলাকায় হওয়ায় এ বিষয়ে মঠবাড়িয়া থানাকে অবহিত করা হয়েছে।

 

নির্মাণাধীন সড়ক ও কালভার্টের গর্ত দ্রুত মেরামত ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬