|
প্রিন্টের সময়কালঃ ১৭ মার্চ ২০২৬ ০৮:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নেতাদের ‘শ্যোন-অ্যারেস্ট’ নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ


আওয়ামী লীগ নেতাদের ‘শ্যোন-অ্যারেস্ট’ নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস

 

 

 

রাজশাহী রেঞ্জ পুলিশের দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘শ্যোন-অ্যারেস্ট’ (জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখানো) সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহারের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

সোমবার (১৬ মার্চ) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান এ নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে নির্দেশনাটি প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান।

 

জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সম্প্রতি একটি চিঠির মাধ্যমে রেঞ্জের আওতাধীন জেলার পুলিশ সুপারদের নির্দিষ্ট নির্দেশনা দেন। ওই চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পাওয়ার পর দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।

 

তবে যারা এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

 

গত ২৪ ফেব্রুয়ারি ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এ চিঠি রাজশাহী রেঞ্জের অধীনস্থ আট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়। জেলাগুলো হলো— রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এর আগে বিষয়টি গ্রুপ মেসেজের মাধ্যমেও সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল এবং নির্দেশনাটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অনুসরণ করার কথা বলা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬