|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৬:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৩:০৩ অপরাহ্ণ

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা, কোন গ্রেডে কত?


পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা, কোন গ্রেডে কত?


ঢাকা প্রেস ডেস্ক:

 

পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে শ্রমিকদের সর্বনিম্ন মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরিকাঠামো কার্যকর হবে।
 

মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।
 

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে। এ গ্রেডে আগে মোট মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। নতুন কাঠামোতে তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।
 

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোতে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকায়।
 

অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে এ গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।
 

মজুরি বোর্ডের বৈঠকে একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির সংশোধিত প্রস্তাব দেয়। তবে উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
 

বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অপর চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
 

বৈঠক শেষে বুধবার ভোর ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল বেতন ও বাড়িভাড়াসহ অন্যান্য খাতে কত টাকা বরাদ্দ থাকবে, তা চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬