|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৪ অপরাহ্ণ

বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু


বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশীর মৃত্যু


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার দুপুরে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাশেদকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
 

নিহত রাশেদ ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে জমিলা আক্তারের সঙ্গে তার শাশুড়ি হোসনে আরা বেগমের (৬০) কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কয়েকজন নারী-পুরুষ তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় ঝগড়া থামাতে এগিয়ে আসা রাশেদকে গাছের বড় একটি ডাল দিয়ে আঘাত করেন জমিলা আক্তার। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ফরিদা বেগম (৩০), রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
 

হোসনে আরা বেগম বলেন, মঙ্গলবার সকালে নাতনি দুষ্টুমি করায় তিনি তাকে বেত দিয়ে একটি বাড়ি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে জমিলা তার ওপর চড়াও হয়ে মারধর করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
 

নিহত রাশেদের স্ত্রী জিয়াসমিন আক্তার স্বামীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬