স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং তার স্ত্রী লায়লা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ প্রদান করেন।
মঙ্গলবার আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে দুদকের কর্মকর্তা বিষাণ ঘোষ উল্লেখ করেন, মাজহারুল ইসলাম ও তার স্ত্রী দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তাধীন রয়েছেন। সাবেক এই পুলিশ কর্মকর্তা স্ত্রীর ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন বলেও জানা গেছে।
এছাড়া, তারা দেশ ছাড়ার চেষ্টা করছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়। পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বলে দুদক মনে করছে। তাই, তাদের বিদেশ গমন প্রতিরোধে নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬