সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে, বিকেলে প্রেস ব্রিফিং
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় আলোচনার বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
বৈঠকে সংবিধানের সর্বজনগ্রাহ্য সংশোধনী খসড়া প্রণয়ন, সামগ্রিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া গণঅভ্যুত্থানের চেতনাকে সংবিধানে ধারণ করার পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আইনি সুরক্ষা এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা চলছে।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের মতামত বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য খসড়া প্রণয়ন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে আরও সুসংহত করার বিষয়গুলোও এ বৈঠকে গুরুত্ব পাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬