|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ

জমি সংক্রান্ত বিরোধে আহত কৃষকের মৃত্যু


জমি সংক্রান্ত বিরোধে আহত কৃষকের মৃত্যু


ঢাকা প্রেস,কুষ্টিয়া প্রতিনিধি:-
 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক নিহত হয়েছেন। মৃত ব্যক্তির নাম জুমারত আলী মন্ডল (৪৭)। প্রায় এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামের জানাজা শেষে তাকে দাফন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক ছিলেন এবং তিনি ছাবদার আলী মণ্ডলের ছেলে। গত ৩ ডিসেম্বর দুপুরে নিজ জমিতে কাজ করার সময় পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই, জিয়ারত আলী ও আজব আলী, এবং দুই ভাতিজা, কাশেম আলী ও হাশেম আলী, রড ও লাঠি নিয়ে জুমারত আলীর ওপর হামলা চালায়। হামলার সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
 

ওসি নাসির উদ্দিন আরও জানান, এই ঘটনায় নিহতের ছেলে মেহেদী হাসান হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার চার আসামির মধ্যে দুইজন জামিনে রয়েছেন এবং দুইজন কারাগারে রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬