সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের, তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা
ঢাকা প্রেস প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। এ ঘটনার জন্য দল আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছে।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা বা কোনো ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এহসানুল মাহবুব জানান, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি কিংবা বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে দলীয়ভাবে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের এই সময়ে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে আবারও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬