|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৭:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০২:২১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত


ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
 

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনায় প্রতিবাদ জানাতে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করেছে।
 

আহত যুবক হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।
 

সীমান্তের একাধিক সূত্র এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাবিলসহ কয়েকজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে মাদক আনতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হাবিল আহত হন এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ফিরে আসেন।
 

হাবিলকে আহত অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তার স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলি চালানোর ঘটনায় এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬