|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ণ

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে অর্থনীতি শক্তিশালী হচ্ছে


প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে অর্থনীতি শক্তিশালী হচ্ছে


তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।

রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ইংল্যান্ড হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশীরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা পালন করছেন।

সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আগামীতে আরো নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন।

এদেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন শিবলি আলম।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে পারস্পরিক আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী এবং ব্রিটিশ কাউন্সিলর।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬