পটিয়া সরকারি কলেজে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
‘তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়া সরকারি কলেজে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক পটিয়ার সহ-সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক উৎপল কুমার দাশগুপ্ত, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সজল ধর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট রাহুল মজুমদার, সাবেক ইয়েস দলনেতা অনির্বাণ পালিত, ইয়াছমিন আক্তার, সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষা, বাঁধন বড়ুয়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, প্রিয়াংকা চৌধুরী, তাকিয়া নূর বৃষ্টি, রিংকা বড়ুয়া, এসিজি সদস্য শওকত ওসমান ও আনোয়ার হোসেন জয়সহ অনেকে।
কর্মসূচির শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটিয়ার এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম তথ্য অধিকার আইন-২০০৯-এর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োগ বিষয়ে উপস্থাপনা করেন। তিনি তথ্য চেয়ে আবেদনপত্র পূরণের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।
ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন সম্পর্কে জানার পাশাপাশি সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে আইনটির কার্যকর প্রয়োগে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক শেখ মুজিবুর রহমান বলেন, “তথ্য অধিকার আইন-২০০৯ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ আইন। শিক্ষার্থীরা এ আইন সম্পর্কে সচেতন হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করলে তারা অধিকতর স্বচ্ছ ও সঠিক সেবা পাবে। জনগণকে ক্ষমতায়নের ক্ষেত্রেও এ আইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কবিশেখর নাথ বলেন, “তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সনাক নিয়মিত কাজ করে যাচ্ছে। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করেছে, তা ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে আরও জানার প্রয়োজন হলে সনাক পটিয়া সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”
তিনি পটিয়া সরকারি কলেজে এ ধরনের কার্যক্রমের সূচনা হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সফল আয়োজনের জন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক লিফলেট এবং টিআইবির রিস্টব্যান্ড বিতরণ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬