|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ০১:১৪ অপরাহ্ণ

দ্বিতীয় দিনের মতো এনবিআরে শাটডাউন, রাজস্ব আদায়ে বড় ধাক্কা


দ্বিতীয় দিনের মতো এনবিআরে শাটডাউন, রাজস্ব আদায়ে বড় ধাক্কা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে টানা দ্বিতীয় দিন, আজ রোববারও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম।
 

শনিবারের মতো আজও আইনশৃঙ্খলা বাহিনী—বিজিবি, র‍্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সতর্ক অবস্থানে থাকলেও উপস্থিতি কিছুটা কম। রাজস্ব ভবনের প্রবেশে শিথিলতা দেখা গেছে; পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করছেন।
 

সকাল থেকে আন্দোলনকারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মকর্তারা যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি পালিত হওয়ায় চট্টগ্রাম, বেনাপোল ও ঢাকা কাস্টমসসহ কোথাও কার্যক্রম চলেনি। এতে শুল্ক ও কর আদায় কার্যত বন্ধ ছিল।
 

আন্দোলনকারীরা অভিযোগ করছেন, এনবিআর চেয়ারম্যান চলমান রাজস্ব সংস্কার প্রক্রিয়ায় কর্মকর্তা-কর্মচারীদের উপেক্ষা করছেন এবং দমন-নিপীড়নের পথ নিচ্ছেন। এ অবস্থায় আলোচনার আগে তাঁর অপসারণ দাবি করছেন তারা।
 

আন্দোলনের প্রভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কনটেইনার ডেলিভারি, মূল্যায়ন ও কাস্টমস ক্লিয়ারেন্স বন্ধ থাকায় বাণিজ্যিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, শুধু পোশাক খাতে প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।
 

উল্লেখ্য, গত ১২ মে অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে রাজস্বনীতি ও ব্যবস্থাপনা বিভাগে ভাগ করা হয়। এর প্রতিবাদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন। প্রথম দফায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও ২২ জুন থেকে তাঁরা চেয়ারম্যান অপসারণের দাবিতে ফের কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে টানা শাটডাউন চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬