স্বামীর কাছে যাওয়ার পথে অপহৃত হন বরিশালের নারী, হাত-পা বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা
বরিশাল প্রতিনিধি:-
বরিশাল-ভোলা মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ অপহরণের শিকার হয়েছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে ভোলার পথে রওনা হলে পথে তাকে অপহরণ করা হয়।
রোববার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওই নারীর জবানবন্দির ভিত্তিতে জানা যায়, বরিশালের রূপাতলী গ্যাসটারবাইন এলাকার বাসিন্দা তিনি। তার স্বামী ভোলায় ব্যবসা করেন। শনিবার বিকেলে স্বামীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি বরিশাল নদী বন্দরে পৌঁছান। তবে ততক্ষণে ভোলাগামী শেষ লঞ্চটি ছেড়ে যায়। পরে চরকাউয়া খেয়া পার হয়ে গাড়ি করে লাহারহাট লঞ্চঘাটে পৌঁছান সন্ধ্যার পর। কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকেও লঞ্চটি ছাড়ার পর তিনি আর যাত্রা চালিয়ে যেতে পারেননি।
ওসি রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, লাহারহাট থেকে রূপাতলীর পথে ফেরার সময় চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে উঠিয়ে তাকে অপহরণ করা হয়।
তিনি আরও বলেন, “ভুক্তভোগী নারীর শরীরে ফোসকার দাগ দেখা গেছে। এসিড নিক্ষেপ করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে কোনো রাসায়নিক পদার্থ ছোড়া হয়ে থাকতে পারে। তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ যে পুরো ঘটনা এখনো জানাতে পারছেন না। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিস্তারিত জানা সম্ভব হবে।”
ওসি আরও বলেন, “ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা, তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাত ৯টার মধ্যে অপহরণ করা হয়। এরপর তাকে কোথায় নেওয়া হয়েছিল, কী ঘটেছে, কারা জড়িত—তা জানতে তদন্ত চলছে। বিষয়টি আমরা কয়েকটি স্তরে অনুসন্ধান করছি।”
এর আগে শনিবার রাতে বরিশাল-ভোলা মহাসড়কের তালুকদারহাট এলাকা থেকে মাঝবয়সী এক নারীকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬