ঢাকায় দৈনিক যুগান্তরের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
ঢাকা প্রেস-
গাজী সাদেক কাজ শেষে দৈনিক যুগান্তর অফিস থেকে বের হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাওয়ার পথে কুড়িল বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের মাথায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে একজন আরোহী ফ্লাইওভারে উঠছিলেন। ফ্লাইওভার দিয়ে উল্টো পথে আসা সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চাপা দিয়ে আরোহীর গতিরোধ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় সাংবাদিক সাদেকসহ কয়েক পথচারী এ ঘটনার প্রতিবাদ করেন এবং মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করেন। মোটরসাইকেল আরোহী চলে গেলে সাদেকের সঙ্গে থাকা পথচারীরাও গাড়িতে উঠে পড়েন।
সিএনজি থেকে চালকসহ তিন যাত্রী নেমে সাদেককে একা পেয়ে তার ওপর হামলা চালায়। তারা সাদেককে গালাগাল করে, কিল-ঘুষি মারে এবং একটি রড দিয়ে আঘাত করে। একজন পথচারী ঘটনাটি ভিডিও করতে শুরু করলে হামলাকারীরা সাদেকের মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় সাদেকের বাঁ হাত, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার চশমা ভেঙে গেছে।
আহত সাংবাদিক রাত সাড়ে ১২টায় ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভাটারা থানার পুলিশ হামলার একটি ভিডিও ক্লিপ দেখে অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬