ফটিকছড়িতে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, বাসচাপায় প্রাণ গেলো যুবকের
মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাজু (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
রবিবার (২২ জুন) দুপুরে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক লাকির ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু বারইয়ারহাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে কড়ই বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘ইকোনো বাস সার্ভিস’-এর একটি বাস তাকে চাপা দেয়।
রাজুর চাচাতো ভাই শাকিল চৌধুরী রনি জানান, “একটি দ্রুতগামী বাস রাজুকে চাপা দিয়ে চলে যায়। আমরা কেউই এই শোক সামলাতে পারছি না।”
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, “এ ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।”
এ প্রসঙ্গে দাঁতমারা ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিজ জানান, “দুর্ঘটনার পর নিহতের লাশ তার স্বজনরা নিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬