লাকসামে জমি বিরোধে বসতবাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ
রিমু আফরাতুল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতবাড়ি দখলের চেষ্টা, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাকিনা বেগম (৬৬)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাতাখালী গ্রামের বাসিন্দা সাকিনা বেগমের সঙ্গে একই এলাকার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁর পরিবারের সদস্যদের হয়রানি ও নির্যাতন করে আসছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি তাঁর।
অভিযোগে সাকিনা বেগম উল্লেখ করেন, তাঁর স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া লাকসাম থানাধীন বাতাখালী মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানভুক্ত জমিতে তাঁদের বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি রয়েছে। কিন্তু অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এসব সম্পত্তির বিভিন্ন অংশ জবরদখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা পুনরায় সাকিনা বেগমের বসতবাড়িতে গিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় সম্পত্তির একটি অংশ দখল করে সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। এতে বাধা দিতে গেলে তাঁকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
সাকিনা বেগমের দাবি, অভিযুক্তদের এমন কর্মকাণ্ড ও অব্যাহত হুমকির কারণে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে লাকসাম থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬