|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ওসি প্রত্যাহার


পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ওসি প্রত্যাহার


পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে গোলাম মোস্তফাকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রাতেই তাঁকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়।

স্থানীয়দের ভাষ্য, গত বৃহস্পতিবার বিকালে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেকে থেমে থেমে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এর কিছুক্ষণ পর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে এবং পরবর্তী দিনগুলোতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার দুপুর থেকে বৃশালিখা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, “সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেলেও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি”।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। তবে সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬