|
প্রিন্টের সময়কালঃ ২৮ জুন ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুন ২০২৬ ০৩:২২ অপরাহ্ণ

সিঁথি সাহার ‘বসন্তের কোকিলে’ মুগ্ধতা ছড়ালেন অলংকার


সিঁথি সাহার ‘বসন্তের কোকিলে’ মুগ্ধতা ছড়ালেন অলংকার


বিনোদন ডেস্ক:

 

চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার ‘বসন্তের কোকিল’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। গানটিতে নায়িকা অলংকার চৌধুরীর প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
 

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে। প্রকাশের প্রথম দিনেই গানটির ভিউ ৮১ হাজার ছাড়িয়েছে। অল্প সময়ের মধ্যেই এটি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অর্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে।
 

‘বসন্তের কোকিল’ গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে তিনি ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
 

গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, “এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটিও দারুণ হয়েছে। প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।”
 

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ ও ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।
 

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, বর্তমানে সংগীতশিল্পে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের সংখ্যা কমে আসছে। এ বাস্তবতায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের একটি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই অংশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬