|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৯ অপরাহ্ণ

ফেব্রুয়ারিতেই নতুন ছাত্র সংগঠনের ঘোষণা


ফেব্রুয়ারিতেই নতুন ছাত্র সংগঠনের ঘোষণা


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের ঘোষণা আসবে। তিনি বলেন, "দল গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা সফলভাবেই এগিয়ে চলছে।"
 

আজ (রবিবার) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

আব্দুল্লাহ আল আমিন আরও জানান, "আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই দলটি আত্মপ্রকাশ করবে।"
 

এর আগে, সকালে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা জেলা প্রশাসকের কাছে আট দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন।
 

তিনি বলেন, "নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, ছিনতাই ও যানজট বৃদ্ধির বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। পাশাপাশি শহিদ পরিবারগুলোর মামলাজনিত হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি।"
 

এ ছাড়া, নারায়ণগঞ্জ আন্দোলনের অন্যতম কেন্দ্র হওয়ায় শহিদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিও তোলা হয়েছে বলে জানান তিনি।
 

ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গে আব্দুল্লাহ আল আমিন বলেন, "ছাত্র-জনতার ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার না হয়।"
 

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬