পেনশন ভোগান্তি কমাতে চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
ঢাকা প্রেস প্রতিবেদক
পেনশন আবেদন ও অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সরকার শিগগিরই ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে। জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা অনলাইনে আবেদন জমা দিতে, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও হয়রানি কমার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওপিটিএমএস বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত বিভিন্ন কাজে প্রায়ই বিলম্ব, জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিসে যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে তারা ঘরে বসেই আবেদন করতে এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এর ফলে দ্রুত পেনশন প্রদান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকারি অফিসে সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনে সেবা গ্রহণের সুযোগ দুর্নীতি কমাতেও কার্যকর ভূমিকা রাখবে।
শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো পেনশনভোগী মারা গেলে তার পরিবার পুনঃস্থাপিত পেনশনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বার্থ বিবেচনায় এ নীতিমালা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এস এম রেজভী।
সভাপতির বক্তব্যে মো. এহছানুল হক বলেন, অতীতে সরকারি কর্মচারীদের কোনো সমন্বিত ডেটাবেস না থাকায় পেনশন অনুমোদনের প্রক্রিয়া জটিল হয়ে পড়ত। হালনাগাদ কর্মচারী ডেটাবেস সংরক্ষণ করা গেলে এ প্রক্রিয়া অনেক সহজ হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারী ও পারিবারিক পেনশনভোগীদের সেবা সহজ করতে পৃথক হেল্প ডেস্ক স্থাপনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবসরের পর নানা জটিলতায় অনেক পেনশনভোগী অসহায় পরিস্থিতিতে পড়েন। ওপিটিএমএস চালু হলে ঝামেলামুক্ত সেবা নিশ্চিত হবে এবং পেনশন ব্যবস্থার প্রতি তাদের আস্থা বাড়বে। তিনি জানান, প্রথম ধাপে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের নিয়মিত পেনশন মামলার ক্ষেত্রে পাইলট প্রকল্প হিসেবে এ ব্যবস্থা চালু করা হবে। পরে এটি অর্থ বিভাগ, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, সংযুক্ত দপ্তর এবং মাঠপর্যায়ের কার্যালয়ে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা গেলে পেনশনভোগীদের মধ্যে বৈষম্য কমবে এবং তাদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী বলেন, পেনশন-পরবর্তী ব্যবস্থাপনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পেনশনভোগীরা এখন ডিজিটাল সেবা পাচ্ছেন। পেনশন ব্যবস্থাপনার মনিটরিং ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে, যা সেবাকে অধিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অর্থ বিভাগের বাজেট-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব ও এসপিএফএমএস কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক ড. জিয়াউল আবেদীন। তিনি বলেন, জিপিএফ অটোমেশন, পেনশন-পরবর্তী সুবিধার অটোমেশন, অ্যাসেট ম্যানেজমেন্ট, টিএ/ডিএ মডিউল, ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড ডেটাবেস এবং এলপিসি মডিউলসহ বিভিন্ন ক্ষেত্রে আইবাস++ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ওপিটিএমএস চালু হলে অবসর-পূর্ব পেনশন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং কর্মচারীরা উন্নত সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন অর্থ বিভাগের বাজেট ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসপিএফএমএসের প্রোগ্রাম এক্সিকিউটিভ ও কো-অর্ডিনেটর ড. মাহফুজা বেগম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬