|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০২:৪৩ অপরাহ্ণ

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে অস্ত্র-মাদকসহ ৯ জন আটক


কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে অস্ত্র-মাদকসহ ৯ জন আটক


কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে বৃহৎ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাতভর পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
 

রবিবার (২৭ এপ্রিল) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে জানা গেছে।
 

অন্যদিকে, কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেন (২৮)-কে আটক করা হয়। এ সময় তাদের বাসা থেকে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালঙ্কার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
 

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্য — মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) এবং মো. রাফিউল আলম শফি (২০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
 

অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজনকে আটক করা হয়, যিনি এ অপরাধী চক্রের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী ও র‍্যাবের এই সমন্বিত অভিযান কুমিল্লায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬