এটিএম বুথে কয়েন দিলেই পাওয়া যাবে বিশুদ্ধ মিষ্টা পানি
এটিএম সেবা উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুক আব্দুল খালেক। মোংলাসহ উপকূলীয় লবণ অধ্যুষিত এলাকায় বিশুদ্ধ পানির হাহাকার দীর্ঘদিনের। দূর দূরান্ত থেকে মিষ্টি পানি এনে জীবন বাঁচানোও যেন রীতিমত যুদ্ধ। সেই বঞ্চনা আর অসহনীয় দুর্ভোগের কিছুটা মুক্তি মিলবে এবার। তাদের জন্য অত্যাধুনিক পদ্ধতিতে এটিএম বুথে পাঁচ টাকার কয়েন দিলেই পাওয়া যাবে ২০ লিটার বিশুদ্ধ মিষ্টি পানি।
এক টাকার কয়েনে চার লিটার, আর দুই টাকার কয়েনে আট লিটার মিষ্টি পানির এই ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি। মোংলা পোর্ট পৌরসভায় একটি, উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নে চারটি এবং রামপাল উপজেলার হুড়কা, গৌরম্ভা ও রাজনগর ইউনিয়নে ছয়টি স্থানে ১১টি বিশুদ্ধ পানির প্লান্ট তৈরি করা হয়েছে।
এই ১১টি স্থানের মধ্যে বুড়িডাঙ্গা ইউনিয়নে তিনটি, রাজনগর ইউনিয়নে দুটি এবং গৌরম্ভা ইউনিয়নে দুটি স্থানে এখানকার বাসিন্দারা এটিএম পদ্ধতির মাধ্যমে এই মিষ্টি পানির সুবিধা ভোগ করবেন। এছাড়া বাকি গুলোতে রিভার অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে মিষ্টি পানি পাবেন।
আজ রবিবার এসব এটিএম সেবা উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুক আব্দুল খালেক। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ায় কম্পানি প্রাইভেট লিমিটেডের প্রধান মহা-ব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, মহা-ব্যবস্থাপক মঙ্গলা হারির্নান, উপ- ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, ব্যবস্থাপক তরিকুল ইসলাম, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ স্থানীয় অতিথিরা।
দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির এসব প্লান্ট স্থাপন করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ায় কম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, মিষ্টি পানি এই এলাকার একটি প্রধান সমস্যা। সে সমস্যা নিরসনে সামাজিক দায়বদ্ধতা থেকে লবণ অধ্যুষিত এখানকার কয়েক হাজার পরিবারের মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এখন তারা দীর্ঘদিনের বিশুদ্ধ পানির বঞ্চনা থেকে মুক্তি পাবে। এছাড়া এই এলাকায় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি শিক্ষা, চিকিৎসাসহ আর্থ সামজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬