চট্টগ্রামে ক্যানভাস পাপেট থিয়েটারের পাঁচ দিনব্যাপী বডি পাপেট কর্মশালা সম্পন্ন
আবদুল হাকিম রানা, চট্টগ্রাম:
চট্টগ্রামে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বডি পাপেট নির্মাণ ও পরিচালনাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে গত ১৬ থেকে ১৯ ও ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় পাপেটনাট্যের নতুন ভাষা, শরীরী অভিব্যক্তি এবং সৃজনশীল উপস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে কাজ করেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি বডি পাপেট শিল্পী লরি ক্যানেক (Laurie Cannac)। তাঁর নির্দেশনায় অংশগ্রহণকারীরা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের আদলে পাপেটের অংশ তৈরি, উপকরণের সৃজনশীল ব্যবহার, নড়াচড়া, ভারসাম্য, ছন্দ ও গতির মাধ্যমে মঞ্চে পাপেটকে প্রাণবন্ত করে তোলার কৌশল শেখেন।
কর্মশালায় নিজের ভেতরের দ্বন্দ্ব ও অনুভূতিগুলো কীভাবে বডি পাপেটের মাধ্যমে দৃশ্যমান করা যায়, সে বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রচলিত পাপেট পরিচালনার ধারণার বাইরে গিয়ে শরীর, বস্তু ও নড়াচড়ার মাধ্যমে অনুভূতি, চরিত্র এবং গল্প প্রকাশের নানা দিক তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এ কর্মশালা শুধু পাপেট নির্মাণ ও পরিচালনার দক্ষতা অর্জনের আয়োজন নয়; বরং শিল্পীদের নিজস্ব সৃজনশীলতা, কল্পনা, পর্যবেক্ষণ ও পারফরম্যান্সের নতুন ভাষা অনুসন্ধানের একটি অভিজ্ঞতামূলক উদ্যোগ।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও শিল্প বিনিময় বাংলাদেশের পাপেটনাট্য চর্চাকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগাংয়ের পরিচালক অলিভিয়ের রুক্স (Olivier Roux)।
কর্মশালাটির আয়োজনে ছিল ক্যানভাস পাপেট থিয়েটার। সহযোগিতায় ছিল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগাং এবং ফরাসি পাপেটনাট্য দল ‘কোম্পানি গান্ধবি’।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬