বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধের সময় জানালেন শ্রম উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রির মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন পরিশোধে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি থেকে পুরো অর্থ সংগ্রহ না হলেও সরকার এই বকেয়া বেতন ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ নিশ্চিত করবে।
তিনি আরও জানান, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ১২টি ব্যাংক থেকে ২৮ হাজার ৫৪৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়েছে। এ ঋণ কীভাবে প্রদান করা হয়েছে, তার বিস্তারিত তদন্ত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি একে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেন, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা থেকেও গুরুতর।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে বেক্সিমকো লিমিটেডের মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেপ্তার হওয়ায় গত পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটি কর্মীদের বেতন দিতে ব্যর্থ হয়। এখন পর্যন্ত সরকারের তহবিল থেকে ২২৩ কোটি ৪৩ লাখ টাকা প্রদান করা হয়েছে, যা দিয়ে চার মাসের বেতন পরিশোধ হয়েছে। তবে এখনও প্রায় ৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬