খালের জমি দখল ঘিরে উত্তেজনা, নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ০১:০০ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
খালের জমি দখল ঘিরে উত্তেজনা, নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

গোপালগঞ্জ প্রতিনিধি:


 

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর মন্ডল মার্কেট সংলগ্ন একটি খাল দখলকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খালের ভেতরে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
 

স্থানীয়দের অভিযোগ, খালের একটি অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছিল, যার ফলে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তারা দাবি করেন, অনিমেষ বিশ্বাস নামের এক পশু চিকিৎসক সাবেক মেম্বার বাবুল বিশ্বাসের প্রভাব ব্যবহার করে খালের ভেতরেই এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন।
 

সরেজমিনে দেখা গেছে, খালের ভেতরে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর ভাষ্য, খালটি দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ও মাছের প্রজননের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখে।
 

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এভাবে খাল দখল অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং মাছের প্রজনন ব্যাহত হবে, যা স্থানীয় জেলেদের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে।
 

এ বিষয়ে সহকারী তহসিলদার শাহারিয়ারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
 

তবে অভিযুক্ত পক্ষের দাবি, জমিটি তাদের ক্রয়কৃত সম্পত্তি এবং সেখানেই তারা নির্মাণকাজ পরিচালনা করছিলেন।
 

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে খালটি দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।