পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত বৃহস্পতিবার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৩:৩৭ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
পরিবহনের নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত বৃহস্পতিবার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২৩ এপ্রিল নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওই সভায় নতুন ভাড়া নির্ধারণ চূড়ান্ত হয়নি। তবে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছে। সম্প্রতি ডিজেলের লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেড়ে গেছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা।

এর আগে রোববার (১৮ এপ্রিল) রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে বিআরটিএর কর্মকর্তারা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া নির্ধারণ বিষয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর নতুন ভাড়া কত বাড়বে তা জানা যাবে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়। রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন দর কার্যকর হয়।

নতুন দরে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।