মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে সেখানে শোকের মাতম শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়ি লালডোবায় নেওয়া হচ্ছে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিখোঁজ হন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী লিমন (২৭) ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এরপর ২৪ এপ্রিল ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে ডুবুরি দল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে ফ্লোরিডার ট্যাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লিমনের চাচা জিয়াউল হক জানান, বিকেলের মধ্যে মরদেহ গ্রামে পৌঁছাবে এবং বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। তিনি বলেন, “উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে লিমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে।”
স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা।
জানা যায়, লিমন মাদারগঞ্জের লালডোবা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি শুরু করেন।