প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মৃতি রক্ষার্থে রাজধানীর একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নামফলক উন্মোচনের মাধ্যমে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করেন। বঙ্গবাজার মোড় হতে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি এতদিন ‘ফিনিক্স রোড’ নামে পরিচিত ছিল।
উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তাঁর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই নামকরণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন যে, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অনুরোধ ও জনদাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সদয় সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।
সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতেও কথা বলেন। তিনি জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি আগাম প্রস্তুতি জোরদার করেছে। কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন নেওয়া হচ্ছে এবং নতুন ফগার মেশিন সংগ্রহের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি নগরবাসীকে নিজ নিজ আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশা নিধনে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।