সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ   |   ৩৬ বার পঠিত
সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসক

সিলেট প্রতিনিধি:


সিলেট নগরীর বন্যা নিয়ন্ত্রণে অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় প্রকল্পস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, পিছিয়ে পড়া সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার কাজ করছে। বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি জানান, সিলেট নগরকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় সুরমা নদীর দুই তীরে বন্যা প্রতিরোধ ব্যবস্থা, ওয়াকওয়ে নির্মাণ, স্লুইস গেট স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রশাসক আরও বলেন, সুরমা নদীর নাব্যতা বাড়াতে খনন কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসন এবং নগরীর পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের সময় বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করা হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।