বাজেট অধিবেশন শুরু ৭ জুন, বাজেট উপস্থাপন ১১ জুন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৬:২২ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
বাজেট অধিবেশন শুরু ৭ জুন, বাজেট উপস্থাপন ১১ জুন

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস

 

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
 

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। ৭ জুন রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।
 

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ১১ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। প্রচলিত রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হবে।
 

বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দিনের বৈঠকের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে ৯৪টি বিল পাস হয়েছিল।
 

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুনে সংসদে উপস্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।