সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া প্রায় ২৮ লাখ টাকার আরএফএল কোম্পানির মালামালের একটি অংশ গাইবান্ধার পলাশবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় মালামালবিহীন ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল আরএফএল কোম্পানির প্রায় ২৮ লাখ টাকার পণ্যবাহী একটি ট্রাক ‘দ্যা সেভস অটো মোবাইল’ পরিবহন সংস্থার মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটির চালক ছিলেন যশোর জেলার কামাল ওরফে সুমন।
নির্ধারিত সময়ে পণ্যসহ ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে কোম্পানির সংশ্লিষ্টদের সন্দেহ হয়। পরে বিষয়টি রূপগঞ্জ থানাকে অবহিত করা হলে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) এবং পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ এবং কোম্পানির আইটি বিশেষজ্ঞ দল জিপিএস প্রযুক্তির মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। এক পর্যায়ে বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ট্রাকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় সেখান থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মালামালের অবস্থান গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় শনাক্ত করা হয়। এ তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানের নেতৃত্বে ২৪ এপ্রিল অভিযান চালানো হয়। গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের রাইসমিল এলাকায় একটি পরিত্যক্ত গুদাম থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৭৬ কার্টুন মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয়ভাবে অভিযুক্ত হিসেবে নাম আসা ডিপ্লোমা চিকিৎসক জমশেদ দাবি করেছেন, চুরির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি জানান, রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে সাময়িকভাবে গুদাম ভাড়া নেওয়ার কথা বলে মালামাল সেখানে রাখে। পরে চুরির বিষয়টি জানাজানি হলে তিনি তাদের মাল সরিয়ে নিতে বলেন। তার দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয়।
নন্দীগ্রাম থানার তদন্ত কর্মকর্তা জানান, রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদের এলাকায় খালি ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৬ কার্টুন মালামাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দকৃত মালামাল রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।