নিউজ ডেস্ক, ঢাকা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৯ মে রাতে নারায়ণগঞ্জ শহর থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দিলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
এরপর ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায়ও জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোর কার্যকারিতা স্থগিত করা হয়।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সর্বশেষ ওই দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক এই মেয়র।