দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
শনিবার সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদের সঙ্গে বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, একটি চক্র জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং রাজধানীর শাহবাগসহ জনবহুল এলাকায় হামলার পরিকল্পনা করছে। এমনকি অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার ছক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্টদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার, জনসমাগমস্থলে কড়া নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সিটিটিসিসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে কোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।