ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে। এখনো নতুন চুক্তি না হওয়া এবং চলতি মৌসুমে তার অনিয়মিত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
আলাভেসের বিপক্ষে গোল করার পর সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের কাছে ক্ষমা চান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে সেই পদক্ষেপেও থামেনি সমালোচনা।
স্পেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ‘এল চিরিংগিতো’ সাংবাদিক হুয়ানফে সান্স দাবি করেন, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের অস্থিরতার বড় কারণ এখন ভিনিসিয়ুস।
তার বক্তব্য, ‘আমার বিশ্বাস, রিয়ালের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দিন সে ড্রেসিংরুমে বিভাজন তৈরি করেছিল এবং পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিল, অথচ কেউ তাকে থামায়নি।’
সান্সের মতে, ভিনিসিয়ুস ভালো খেললে ক্লাব তার কিছু আচরণ মেনে নিত। কিন্তু দলের ফল খারাপ হতে শুরু করায় সেই আচরণ এখন নেতিবাচকভাবে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যর্থ একটি মৌসুমের পর রিয়াল মাদ্রিদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এখনো আশাবাদী যে শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সই করবেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ড্রেসিংরুমের পরিস্থিতি এবং সমর্থকদের প্রতিক্রিয়া পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলছে।