ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের উদ্যোগ, সাংবাদিকদের সুরক্ষায় নতুন কাঠামো আসছে: তথ্যমন্ত্রী।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ এপ্রিল ২০২৬ ০৯:২২ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের উদ্যোগ, সাংবাদিকদের সুরক্ষায় নতুন কাঠামো আসছে: তথ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পুনর্মূল্যায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মিথ্যা মামলা, গুমসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার সাংবাদিকদের জন্য ন্যায্য প্রতিকার নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়ন করা হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

 

জহির উদ্দিন স্বপন বলেন, “ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাই। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আইনের অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।”

 

তিনি আরও জানান, গণমাধ্যম খাতে সংস্কার জোরদার করতে মিডিয়া রিফর্মস কমিশনকে যুক্তরাজ্যের অফকম (Ofcom) মডেলের আদলে পুনর্গঠনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

 

সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।