পবিত্র হজকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রী পাঠানোর কার্যক্রম জোরগতিতে এগোচ্ছে। এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।
মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
তবে এ সময়ের মধ্যে দুঃখজনকভাবে ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। মৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
ফ্লাইট পরিচালনার পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি, এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী।
হজযাত্রী পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১৭ এপ্রিল রাতে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। ওই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট যাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।