প্রতারণার মামলায় চিত্রনায়িকার বাবা কারাগারে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৭:০০ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
প্রতারণার মামলায় চিত্রনায়িকার বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা ১৩ কোটি টাকার অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের নির্দেশে গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি শনিবার নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ওই দিনই ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে দেবু প্রসাদ রায় ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই খাতে আরও ৫০ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে এবং ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্প চুক্তির মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিকাশ, নগদ ও রকেটের বিভিন্ন নম্বরে ধাপে ধাপে আরও ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে নেওয়ার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত ও পরে হুমকি দেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।