জমজমাট লড়াই, কিন্তু সুযোগের দিক থেকে ছিল হিসেবি ম্যাচ। সেই স্নায়ুচাপের মুহূর্তে একটাই গোল— আর তাতেই ইতিহাস গড়ল আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে গানাররা।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় স্বাগতিকরা। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল।
চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আর্সেনাল। অন্যদিকে, শেষবার ২০১৬ সালে ফাইনাল খেলা অ্যাটলেটিকোর অপেক্ষা আরো দীর্ঘ হলো।
আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। সেখানে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা প্যারিস সেন্ট জার্মেই।