নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০১:১৭ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:


জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় পুষ্টি মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্টলে সুষম খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলি আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো. আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা সভায় পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং অপুষ্টি দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।