ঢকা প্রেস প্রতিবেদক
টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত নতুন দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে, ফলে ক্রেতাদের পরিশোধিত চূড়ান্ত মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।