আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কাফকো সেন্টার সংলগ্ন বন্দর বাজার থেকে জাল নোট লেনদেনের অভিযোগে মো. ফারুক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার পশ্চিম মানিকপাঠান এলাকার বাসিন্দা। তার পিতা মো. বাশার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এএসআই জোনায়েদের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। বন্দর বণিক মালিক সমিতির সেক্রেটারি আলহাজ শফী সওদাগর জানান, ফারুকের বিরুদ্ধে এর আগেও জাল নোট লেনদেনের অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে। ফারুক বন্দর বাজারের ‘ছালাম স্টোর’-এ গিয়ে ১ হাজার টাকার একটি নোট দিয়ে পণ্য কেনার চেষ্টা করেন। দোকানের মালিক অনুপস্থিত থাকায় কর্মচারী নোটটি গ্রহণ করেন। পরে নোটটি সন্দেহজনক মনে হলে যাচাই করে জাল বলে নিশ্চিত হওয়া যায়।
এ সময় স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে আরও ১৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জাল নোট ব্যবহার ও বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।