বিনোদন প্রতিবেদক
দেশীয় চলচ্চিত্রের ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় অভিনয়ের জন্য বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।
প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করে জানায়, নতুন সিনেমার নাম ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এরপর পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মাণ করেন ‘রাক্ষস’, আর শাকিব খান অভিনয় করেন ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমায়। তবে এসব সিনেমা ‘বরবাদ’-এর মতো বাণিজ্যিক সাফল্য পায়নি। ফলে সফল এই জুটিকে আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, নতুন সিনেমাটি হবে বড় বাজেটের একটি অ্যাকশন-থ্রিলার। তিনি বলেন, “আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা তাঁকে সম্পূর্ণ নতুন এক রূপে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।”
সংশ্লিষ্টদের দাবি, ‘বরবাদ’-এর ধারাবাহিকতায় নতুন সিনেমাটিতেও নির্মাণশৈলী, অ্যাকশন ও উপস্থাপনায় থাকবে ভিন্ন মাত্রার চমক। আন্তর্জাতিক মানের বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ শুরু করছে পুরো টিম।
জানা গেছে, আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে ‘বরবাদ’-এর সাফল্যের পর নতুন এই প্রজেক্টকে ঘিরে দর্শক ও শাকিব ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।