‘মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৬:২২ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
‘মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত’

‘মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত’ বলে মন্তব্য করে আবারও ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের জন্ম দিলেন ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ার্স মরগান। নিজের সর্বকালের সেরা একাদশ থেকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে বাদ দিয়েই তিনি এই মন্তব্য করেন।

 

ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত পিয়ার্স মরগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) নিজের বাছাই করা সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেন। সেই দলে জায়গা পেয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো মারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও।

 

তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লিওনেল মেসির অনুপস্থিতি। বিষয়টি নিয়ে ফুটবলভিত্তিক একটি জনপ্রিয় অ্যাকাউন্ট মরগানের একাদশ শেয়ার করে মন্তব্য করে যে, সেখানে একজন বিস্ময়কর খেলোয়াড় নেই।

 

এর জবাবে মরগান নিজেই পোস্টটি শেয়ার করে লেখেন, এতে বিস্ময়ের কিছু নেই। তার মতে, মেসি আর্জেন্টিনারও সর্বকালের সেরা খেলোয়াড় নন এবং তাকে ছাড়াই তার একাদশ সম্পূর্ণ ও নিখুঁত।

 

মরগানের এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনেক ফুটবলপ্রেমী তার সঙ্গে একমত না হয়ে বলেন, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে সর্বকালের সেরা একাদশে না রাখা কেবল ব্যক্তিগত পক্ষপাতের প্রকাশ।

 

অন্যদিকে মরগান তার অবস্থানে অনড় থেকে বলেন, দিয়েগো মারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং তার একক প্রভাব মেসির চেয়েও বেশি ঐতিহাসিক ও প্রভাবশালী।

 

ফুটবলে সর্বকালের সেরা কে-এই বিতর্ক নতুন কিছু নয়। প্রজন্ম, অভিজ্ঞতা ও আবেগের ভিন্নতায় এই আলোচনায় সবসময়ই ভিন্ন মত দেখা যায়। মরগানের সাম্প্রতিক মন্তব্য আবারও সেই পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিল।