মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ   |   ৬৯ বার পঠিত
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

💫 শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলায় প্রাণের উচ্ছ্বাস

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

 

উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল কুমিল্লার মুরাদনগর। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল পুরো উপজেলা। শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ মেলার সমন্বয়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও মিলনমুখর পরিবেশ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত এবং বর্ষবরণ সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানে বের করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।


শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন। বাদ্যের তালে তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।


শোভাযাত্রা শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে পরিবেশিত হয় বৈশাখী গান, নৃত্য ও কবিতা আবৃত্তি। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ ও প্রাণের উচ্ছ্বাস।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা পৌঁছে দেয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলায় ভিড় জমায় নানা বয়সী মানুষ। পিঠাপুলি, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণে মুখর ছিল মেলার প্রতিটি স্টল।


নববর্ষের এই আয়োজন মুরাদনগরবাসীর মাঝে নতুন উদ্দীপনা, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।