মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য Syed Md. Faisal বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (৩ মে) সকাল ১১টায় নোয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে মাধবপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকরা যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন—এটাই প্রত্যাশা। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে, আর অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, তবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকবেন।”
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিলেও তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝড়ে এলাকায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে এমপি ফয়সল বলেন, সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ শতভাগ বাস্তবায়নে তিনি কাজ করছেন এবং কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা যাতে না থাকে সে বিষয়ে সতর্ক রয়েছেন।
এ সময় তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী Tarique Rahman দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তিনি গণমাধ্যমকর্মীদের সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সালমান রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।