নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান শুধু চুক্তি করতে চায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ   |   ৩৯ বার পঠিত
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান শুধু চুক্তি করতে চায়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব জোরালো দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান চুক্তির দিকে এগোতে বাধ্য হচ্ছে এবং দেশটি এখন টিকে থাকার লড়াইয়ে আছে। তিনি তেহরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানই সবার জন্য ভালো।

ট্রাম্পের ভাষায়, সামরিক দিক থেকে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, ফলে তাদের অবস্থান আগের মতো শক্তিশালী নেই। তিনি দাবি করেন, সংঘাত না হলে ইরান গোটা অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে পারত, তবে এখন পরিস্থিতি ভিন্ন।

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই চাপই ইরানকে কোণঠাসা করে ফেলেছে। তার মতে, বর্তমান অবরোধ এতটাই শক্ত যে তা কার্যত এক অটুট দেয়ালের মতো কাজ করছে, যা ভাঙার সাহস কারও নেই।

এদিকে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, জাহাজটি একা চলছিল এবং মার্কিন নৌবহরের সুরক্ষার আওতায় ছিল না।

ইরানের সঙ্গে যোগাযোগ নিয়ে অসন্তোষ জানিয়ে ট্রাম্প বলেন, একদিকে তারা সম্মান দেখিয়ে আলোচনা করে, অন্যদিকে প্রকাশ্যে তা অস্বীকার করে। তার দাবি, ইরান শেষ পর্যন্ত চুক্তি চাইবেই, বিশেষ করে যখন তাদের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। মুদ্রার মান ব্যাপকভাবে কমে গেছে এবং মূল্যস্ফীতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।

সবশেষে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াতে চায় না; বরং ইরান যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নেয়, তাহলে পরিস্থিতি সহজেই বদলাতে পারে।