বয়স এখন মাত্র ৩২। কিন্তু এই বয়সেই নিজের জীবন ও স্বাস্থ্যের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে ফেলেছেন বিশ্বখ্যাত গায়ক ও অভিনেতা নিক জোনাস। আগে যেখানে জিমে গিয়ে ভারী ওজন তোলা বা পেশিবহুল শরীর তৈরি করাই ছিল তাঁর মূল লক্ষ্য, এখন সেখানে জায়গা করে নিয়েছে ‘লঞ্জেভিটি’ বা দীর্ঘায়ু এবং সামগ্রিক সুস্থতা।
আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে তাঁর চার বছরের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জানিয়েছেন, মেয়ের সঙ্গে এই পৃথিবীতে যতটা সম্ভব বেশি সময় কাটানোর তাগিদ থেকেই তিনি নিজের ফিটনেস রুটিনে বড় পরিবর্তন এনেছেন।
২০২২ সালের জানুয়ারিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের জীবনে আসে মালতি মেরি। নিকের মতে, বাবা হওয়া পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি এবং এটি তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, এখন আমার প্রতিদিনের প্রতিটি কাজই এই উদ্দেশ্যে যে, আমি যেন এই পৃথিবীতে ওর (মালতি) সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটাতে পারি। সুস্থতার দিকে নজর দেওয়াই হলো সেই লক্ষ্য পূরণের প্রধান চাবিকাঠি।
নিক জোনাস তাঁর বর্তমান ওয়ার্কআউট রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, কয়েক বছর ধরে তিনি ‘সার্কিট স্টাইল’ ওয়ার্কআউটের ভক্ত হয়ে উঠেছেন। ভারী ওজন তোলা এবং পেশি তৈরির দিকে নজর ছিল।
শরীরকে সতেজ রাখা, হৃদস্পন্দন বা হার্ট রেট বাড়ানো এবং শরীরের জয়েন্টগুলোর যত্ন নেওয়ার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
নিকের মতে, শুধু জিম করে পেশি বাড়ানোই শেষ কথা নয়, শরীর যাতে দীর্ঘকাল সচল থাকে সেই ‘আপকিপ’ বা রক্ষণাবেক্ষণই এখন তাঁর আসল কাজ।
যাঁরা সময়ের অভাবে বা জটিল রুটিনের ভয়ে ব্যায়াম করতে পারেন না, তাঁদের জন্য নিকের পরামর্শ অত্যন্ত সহজ। তিনি ‘মেন’স জার্নাল’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যদি আপনার হাতে পুরো ওয়ার্কআউট করার সময় না থাকে, তবে অন্তত বাইরে গিয়ে একটু দীর্ঘ সময় হাঁটুন। খোলা জায়গায় দীর্ঘক্ষণ হাঁটা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অভাবনীয় কাজ করে।
নিক জোনাস কেবল ঘাম ঝরানোকেই সুস্থতা মনে করেন না। তাঁর মতে, একটি ভালো ওয়ার্কআউটের সমান গুরুত্বপূর্ণ হলো সঠিক বিশ্রাম।
শরীরচর্চার পর পেশি ও জয়েন্টের পুনর্গঠনের জন্য পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের কোনো বিকল্প নেই। এটি দীর্ঘায়ু পাওয়ার অন্যতম শর্ত।
নিক বলেন না যে সবসময় কেবল স্বাদহীন স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তবে তিনি ‘ভ্যান ডায়াগ্রাম’-এর তত্ত্ব দিয়ে বোঝান যে, দিনের বেশিরভাগ সময় আমাদের শরীরের জন্য ইতিবাচক খাবার বেছে নিতে হবে। লাঞ্চ বা ডিনারে একটি স্বাস্থ্যকর সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী ধাপগুলো সাজানো যায়।
মাঝেমধ্যে মজার খাবার বা ডায়েটের বাইরের খাবার খাওয়ায় কোনো বাধা নেই, তবে সামগ্রিকভাবে নেতিবাচক সিদ্ধান্তের চেয়ে ইতিবাচক সিদ্ধান্তের পাল্লা যেন ভারী থাকে।
২০১৮ সালের ডিসেম্বরে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই নিকের জীবন লাইমলাইটে। বর্তমানে প্রিয়াঙ্কা যখন তাঁর মেট গালা (Met Gala) এড়িয়ে লস অ্যাঞ্জেলেসে বিশেষ সম্মাননা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, তখন নিক ব্যস্ত তাঁর নতুন মিউজিক ট্যুর এবং ব্যক্তিগত সুস্থতা নিয়ে। মেয়ের প্রতি তাঁর এই অগাধ ভালোবাসা ও যত্ন ভক্তদের মাঝেও প্রশংসিত হচ্ছে।
নিক জোনাসের এই নতুন ফিটনেস দর্শন প্রমাণ করে যে, সুস্থতা কেবল সুন্দর দেখানোর জন্য নয়, বরং প্রিয়জনদের জন্য নিজেকে বাঁচিয়ে রাখার একটি দায়বদ্ধতা। ৩২ বছর বয়সে তাঁর এই পরিণত চিন্তাধারা বর্তমান প্রজন্মের জন্য এক বড় উদাহরণ হতে পারে। পেশি তৈরির উন্মাদনা ছেড়ে দীর্ঘস্থায়ী সুস্থতার পথে হাঁটাই এখন আধুনিক বিশ্বের নতুন ‘ফিটনেস ট্রেন্ড।